জেলা

জেলা    ফরিদপুর-৩ আসন    স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্টকে পিটিয়ে আহত

ফরিদপুর


প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ২১: ১৭




ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট শামসুল হককে পিটিয়ে আহত করা হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে শনিবার সন্ধ্যায়ছবি: আজকের নিইজ১০


ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের (ঈগল প্রতীক) প্রধান নির্বাচনী এজেন্ট শামসুল হককে মারধর করা হয়েছে। তাঁর মাথায় চারটি সেলাই পড়েছে। স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের অভিযোগ, চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ ব্যাপারীর নেতৃত্বে নৌকার নেতা-কর্মীরা এ হামলা চালান।


শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মফিজউদ্দিন ডাঙ্গী গ্রামে বাবুর দোকানের সামনে শামসুল হক ওরফে ভোলা মাস্টারের (৭৮) ওপর এ হামলার ঘটনা ঘটে। শামসুল হক জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।


আহত শামসুল হককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, শামসুল হক চিকিৎসাধীন। তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। তাঁকে বিভিন্ন পরীক্ষা করতে বলা হয়েছে।


ঘটনার দুই প্রত্যক্ষদর্শী জানান, শামসুল হক বিকেলে খলিল মণ্ডলের হাট এলাকা থেকে চর মাধবদিয়া বাজার এলাকায় যাচ্ছিলেন। পথে তিনি মফিজউদ্দিন ডাঙ্গী গ্রামে বাবুর দোকানের সামনে দাঁড়িয়ে ভোট চাইছিলেন। ওই সময় কয়েকজন তরুণ সে দৃশ্য ভিডিওতে ধারণ করেন। ওই সময় শামসুল হক ওই তরুণদের ধমক দেন।


এ সময় চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ ব্যাপারীর নেতৃত্বে নৌকার নেতা-কর্মীরা ‘ধর ধর ভোলা মাস্টারকে ধর’ স্লোগান দিতে দিতে এসে শামসুল হকের ওপর হামলা চালান।